উৎপাদনমুখী বিভিন্ন কোম্পানির আয় কমলেও চলতি হিসাব বছরে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানিগুলোর আয় বাড়তে দেখা গেছে। কক্সবাজারে অবস্থিত পাঁচতারকা হোটেল সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের পর একই খাতের ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেডের মুনাফাও বাড়তে দেখা গেছে। চলতি হিসাব বছরের ৯ মাসে (জুলাই-মার্চ) এ কোম্পানির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭০ শতাংশের বেশি বেড়েছে।
গতকাল পুঁজিবাজারের তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনিক হোটেলের ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা। আর ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৫৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ২৭ পয়সা। ২০২৩ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৮৯ টাকা ৩ পয়সা।