যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৪ বছর পর গ্রেপ্তার

ফেনীর পরশুরাম উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ২৪ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে পরশুরাম থানা-পুলিশের একটি দল। ওই আসামির নাম মোহাম্মদ ইব্রাহিম ওরফে মুনশি মিয়া (৫৯)। তিনি পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ২৩ জুন স্ত্রী আনোয়ারা বেগমকে ঘরের মধ্যে গলা কেটে হত্যা করেন মোহাম্মদ ইব্রাহিম। পুলিশ তখন ইব্রাহিমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে তিনি উচ্চ আদালতের আদেশে জামিনে ছাড়া পেয়ে আত্মগোপন করেন। তার অনুপস্থিতিতে ১৯৯৯ সালের ২ নভেম্বর তৎকালীন ফেনী জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদ- দেয়।

পরশুরাম থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, মোহাম্মদ ইব্রাহিম গ্রেপ্তার এড়াতে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকতেন।