ঢাকার বায়ুর মান আজ মাঝারি

মহান মে দিবসের ছুটির কারণে আজ সোমবার রাজধানী ঢাকায় চিরচেনা সেই কর্মচাঞ্চল্যতা নেই। যার ফলে যানবাহন চলাচল উল্লেখযোগ্যভাবে কম। এর প্রভাব পড়েছে বায়ুতেও। আজ সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর ৮৬ নিয়ে ঢাকার অবস্থান ১৮তম। সে অনুযায়ী ঢাকার বাতাসের মান ‘মাঝারি’।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

এ তালিকায় ১৬১ একিউআই স্কোর নিয়ে শীর্ষে স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু; ১৬১ নিয়ে দ্বিতীয় ইন্দোনেশিয়ার জাকার্তা। তৃতীয় স্থানে থাকা চীনের উহানের স্কোর ১৪০, চতুর্থ স্থানে থাকা চীনের চেংদুর স্কোর ১৩৭ এবং পঞ্চম স্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুনের স্কোর ১২১।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এগুলো সেগুলো হল-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।