সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নেতা আবু হুসেইন আল-কুরেশিকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।
টিআরটি তুর্ক সম্প্রচারমাধ্যমে এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, শনিবার সিরিয়ায় তুরস্কের জাতীয় গোয়েন্দা সংগঠনের এক অভিযানের অংশ হিসেবে কুরেশিকে নিঃশেষ করে দেওয়া হয়েছে।
আইএস এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। বিবিসিও প্রেসিডেন্ট এরদোয়ানের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এরদোগান জানান, তুর্কি গোয়েন্দারা অভিযান শুরু করার আগে কট্টরপন্থী গোষ্ঠীর কথিত নেতাকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছিল।
অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য না দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, যে কোনও মূল্যে আমরা সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবো।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে সিরিয়ার একটি সূত্র জানায়, তুর্কি সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় শহর জান্দারিসে এ অভিযান চালানো হয়।
জিহাদি সংগঠনটি গত নভেম্বরে তাদের নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরেশির মৃত্যুর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র বলছে, ২০২২ সালের অক্টোবরের মাঝামাঝিতে দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে তিনি নিহত হন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ববর্তী নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরায়শি বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে এবং তার পরিবারকে হত্যা করার পর তিনি সংগঠনটির দায়িত্ব নিয়েছিলেন।