সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা রয়হাটি জোড়া ব্রিজ এলাকায় সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত ও চালকসহ দুজন আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত ব্যক্তিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। নিহতরা হলেন পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার লক্ষীরহাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), আব্দুল বাতেন (৪০), মেয়ে রানু আক্তার (২২)।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আশিকুর রহমান জানান, এদিন সন্ধ্যার দিকে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন নিহত হয়। অ্যাম্বুলেন্সের চালকসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে রাখা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস রায়গঞ্জ উপজেলার ঘুড়কা রয়হাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নারীসহ দুজন নিহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় ও আহতদের হাসপাতালে নিয়ে ভর্তি করে।