শ্রীলঙ্কায় দ্বিতীয় ম্যাচও ভেসে গেল বৃষ্টিতে

প্রথম ম্যাচে ৩৬ ওভার বল গড়িয়েছিল। তারপরই নামে বৃষ্টি, শেষ পর্যন্ত আর থামেনি। তাই বাংলাদেশেরও ব্যাটিং করা হয়নি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে একটি বলও গড়ায়নি। এই ম্যাচটাও তাই ভেসে গেছে বৃষ্টিতে। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুই ম্যাচেই কোনো ফল পেলো না কোনো দল।

কলম্বোর পি সারা স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার কথা ছিলো সফরকারী বাংলাদেশ নারী দল এবং স্বাগতিক শ্রীলঙ্কার। মেঘাচ্ছন আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টিতে থমকে আছে কলম্বোর আকাশ। বৃষ্টির হানায় প্রবল চেষ্টার পরও টসই শুরু করা যায়নি।

আগামী ৪ মে সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে একই ভেন্যুতে। সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। সিরিজের শেষ ম্যাচে আবহাওয়া পক্ষে থাকলেও সে ম্যাচ জিততে চাইবে দুই দলই। এই একটি ম্যাচ জিতলেও সিরিজ জেতার সুযোগ থাকবে দুই দলেরই।

ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা প্রমীলা ক্রিকেট দল। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ মে থেকে। ১১ ও ১২ মে পরের দুটি ম্যাচ।