অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্টের সেরা ভারত

দীর্ঘ ১৫ মাস টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান নিজেদের দখলে রেখেছিল অস্ট্রেলিয়া। দলটির সেই আধিপত্য এবার ক্ষুণ্ন হলো। অজিদের সরিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের চূড়ায় উঠল ভারত।

আগামী জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। তার আগে মঙ্গলবার অস্ট্রেলিয়াকে টপকে টেস্টের চূড়ায় উঠল ভারত।

এদিন বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি বাৎসরিক র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে। ২০২২ সালে মে মাস থেকে দলগুলির পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ, আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।

হালনাগাদ হওয়া র‌্যাঙ্কিংয়ে ১২১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের এক নম্বর দল এখন ভারত। দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৬। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। চার নম্বরে দক্ষিণ আফ্রিকার দল। পাঁচ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড, ছয় নম্বরে পাকিস্তানের দল। আর শ্রীলঙ্কা রয়েছে সাত নম্বরে। আট নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। নয় ও দশম স্থানে যথাক্রমে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।