হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত স্বামী স্ত্রী গ্রেপ্তার

ঝিনাইদহে গৃহবধূকে পুড়িয়ে হত্যার মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি স্বামী ও তার সতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহিদুল ইসলাম (৫৬) ও তার স্ত্রী চম্পা খাতুন (৪৬)।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম ও তার প্রথম স্ত্রী চম্পাকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সদর থানার পুলিশ গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

যৌতুক দিতে অস্বীকার করায় ২০১২ সালের ২৩ জানুয়ারি ঘরে ঘুমিয়ে থাকা দ্বিতীয় স্ত্রী মাজেদা খাতুনকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী শহিদুল ও চম্পা। মাজেদার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় গত ৭ মার্চ শহিদুল ও চম্পাকে মৃত্যুদন্ডের আদেশ দেন ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান।