ভালো ম্যাচ ফি, ভালো হোটেল, বিভিন্ন জেলায় খেলা হলে বিমানে ভ্রমণ নয়তো ঢাকার ভেতর হলে ভালো মানের এসি বাস; এই দাবিগুলো নিয়ে ২০১৯ সালে ঘরোয়া ক্রিকেটারদের প্রতিবাদ বেশ আলোচনা তুলেছিল ক্রীড়াঙ্গনে। ক্রিকেটারদের অনেকগুলো দাবির একটি ছিল বর্তমান ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) বর্তমান কমিটির পদত্যাগ। সেই দাবি মেনে কোয়াব নির্বাচনের উদ্যোগ উঠেছিল কয়েকবার। কিন্তু করোনার কারণে বারবার পিছিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এই সংগঠনের নির্বাচন। তাতে অংশ নিতে পারবেন খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটাররাও। কোয়াব নির্বাচনে সফল হলে নিজেদের সুবিধার দিকগুলো নিজেরাই দেখতে পারবেন। তখন আর দাবি নিয়ে ছুটোছুটি করতে হবে না।
২০২১ প্রিমিয়ার লিগের মাঝপথেই কোয়াব নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটারদের কাছ থেকে তেমন সাড়া না আসায় হয়নি। এবার কোয়াবের বর্তমান কমিটিই নির্বাচনের আয়োজন করছে। ২০ মে হবে এই নির্বাচন। সম্প্রতি কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল এই তথ্য দিয়েছেন। নির্বাচনের ভেন্যু খোঁজা শুরু করেছেন ইতিমধ্যে। নির্বাচনে বর্তমান ও সাবেক ক্রিকেটার মিলিয়ে মোট ৯০০ থেকে ১ হাজার ক্রিকেটারের অংশগ্রহণ দেখছেন তিনি।
কোয়াব নির্বাচনে প্রার্থী হওয়ার প্রক্রিয়া কেমন হবে তা ঠিক হয়েছে গতকাল রাতে। বর্তমান কমিটির এক সভা শেষে প্রার্থী বা কাউন্সিলর হওয়ার যোগ্যতা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ঠিক করা হয়েছে। আজ তা বিস্তারিত জানাবে কোয়াব। তবে প্রার্থিতা জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে কিছুদিন লাগবে বলে জানান দেবব্রত। কোয়াবের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুনদের স্বাগত জানাচ্ছে এই সংগঠন। দেবব্রত জানান, ‘আমরা এখন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন ফার্স্ট ক্লাস ক্রিকেটার সবার সঙ্গে আলোচনা শুরু করব ৩-৪ দিনের মধ্যে। নতুন প্রজন্মের ক্রিকেটারদের আমন্ত্রণ জানাব। ক্রিকেটাররা হচ্ছে ক্রিকেটের মেইন স্টেক হোল্ডার। প্লেয়ার্স অ্যাসোসিয়েশন কিন্তু সাবেক বর্তমান ও বিসিবির রেজিস্টার্ড সব ক্রিকেটারদের। সবাই মিলে সমন্বিতভাবে যদি নিতে পারি, তাহলে সেটা ক্রিকেটারদের জন্যই লাভ।’