বিয়েবাড়িতে ঠাণ্ডা পুরি নিয়ে ধুন্ধুমার কাণ্ড!

ভারতের ঝাড়খণ্ডে বিয়ের অনুষ্ঠানে গরম পুরি না পাওয়ায় ধুন্ধুমার কাণ্ড ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে চার-পাঁচজন লোক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (০২ মে) রাতে ঝাড়খণ্ডের গিরিডির পাতোরদি এলাকায় শঙ্কর যাদবের বিয়ের আসর বসেছিল। ধুমধাম করে চলছিল বিয়ের অনুষ্ঠান। সেই সময় এক যুবক প্রবেশ করেন বিয়েবাড়িতে। তার নিমন্ত্রণ ছিল না।

তবে রাত ২টার দিকে খাবার খেতে বসেই বাধে গোলমাল। পুরি ঠাণ্ডা হওয়ায় রাগারাগি করেন ওই যুবক। দাবি করেন, এখনই গরম পুরি এনে দিতে হবে তাকে। বিষয়টি দেখে অবাক হয়ে যান অতিথিরা। যুবককে শান্ত করার চেষ্টা করেন তারা। কিন্তু ওই যুবক গালিগালাজ করে বিয়েবাড়ি থেকে বেরিয়ে যান।

কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু সঙ্গী নিয়ে ফেরেন ওই যুবক। শুরু হয় ভাঙচুর, মারধর। বিয়ের আনন্দমুখর পরিবেশ নিমেষে বদলে যায়। পাথর ছুড়ে আহত করা হয় বেশ কয়েকজন অতিথিকে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। অভিযুক্ত যুবককে হেফাজতে নেওয়া হলেও তার সঙ্গীরা পালিয়ে যায়।

সূত্র : ইন্ডিয়া টুডে, এবিপি