মেসির না থাকা বড় ধাক্কা পিএসজির মাঠের খেলায়

একটা চ্যাম্পিয়নস লিগের স্বপ্নে চেষ্টার ত্রুটি রাখেনি পিএসজি। বিশাল অর্থ ঢেলে নেইমারকে নিয়েছে তারা, পরে লিওনেল মেসিকেও। রেকর্ড পারিশ্রমিকে ধরে রেখেছে কিলিয়ান এমবাপ্পেকে। অথচ কাক্সিক্ষত চ্যাম্পিয়নস লিগের দেখা নেই দলটির। এই মৌসুমেও সেই স্বপ্ন নিয়ে শুরু করা পিএসজি চ্যাম্পিয়নস লিগের শিরোপার কাছেও যেতে পারেনি। সেই সঙ্গে ফ্রেঞ্চ কাপ থেকেও তারা বাদ পড়েছে আগেভাগেই। সবেধন নীলমণি একমাত্র ফ্রেঞ্চ লিগ শিরোপা স্বপ্নটাই আছে পিএসজির। কিন্তু সেই স্বপ্নটাও এখন ভেঙে যাওয়ার উপক্রম। মৌসুমের বাকি আর ৫ রাউন্ড। এই সময়ে লিগ ওয়ানে তালিকায় দুইয়ে থাকা মার্শেইয়ের সঙ্গে মাত্র ৫ পয়েন্টের দূরত্ব পিএসজির। দলটির পারফরম্যান্সের যে হাল তাতে মেসি-নেইমারহীন বাকি ম্যাচগুলোতে পিছলে পড়ার আশঙ্কাই বেশি।

বর্তমানে ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে মার্শেইয়ের ৭০ পয়েন্ট। ৫ রাউন্ড আগে দুই দলের ব্যবধান ছিল ১০ পয়েন্টের। কিন্তু শেষ ৬ ম্যাচে পিএসজি তিনটিতে হেরে যাওয়ায় মার্শেই এগিয়ে আসার সুযোগ পেয়েছে। গত মৌসুমে ৩৬তম রাউন্ডে শিরোপা নিশ্চিত করেছিল পিএসজি। এবার তা কঠিন হয়ে উঠেছে। তার ওপর মেসির ওপর দুসপ্তাহের নিষেধাজ্ঞা আরও কঠিন করে তুলল। মেসিকে ছাড়া ত্রয়েস ও অ্যাজাসিও’র বিপক্ষে পরের দুম্যাচ খেলতে হবে। লরিয়েঁর বিপক্ষে সর্বশেষ ম্যাচে যেভাবে হেরেছে পিএসজি, তা এদের সঙ্গে হলেই বিপদ। ৫ ম্যাচের মধ্যে দুটি হার, আর মার্শেই বাকি ৫ ম্যাচে জয় শিরোপা সম্ভাবনা শেষ করে দেবে পিএসজিকে। মেসি থাকছেন না, আশরাফ হাকিমি লালকার্ডের নিষেধাজ্ঞায় থাকবেন না। পিএসজির পরের ম্যাচ অ্যাজাসিওর বিপক্ষে ঘরের মাঠে। এখানেও চিন্তা। কারণে পার্ক দ্য প্রিন্সেসে শেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছে তারা।

পিএসজির শেষ তিন ম্যাচ অজি, ত্রাসবুর্গের ও ক্লেরমো ফুতের বিপক্ষে। যেভাবে মেসিকে নিষিদ্ধ করা হলো, সেই ধাক্কা কাটিয়ে মাঠে ফিরে মেসি কি আগের মতো খেলতে পারবেন সেসব ম্যাচে? যদি তার প্রভাব পড়ে মাঠের খেলায়? পিএসজির তাই স্বস্তিতে থাকার সুযোগ নেই।