ছাগল বাঁচাতে গিয়ে উল্টে গেল ট্রাক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাগল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (০৪ এপ্রিল) আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজারসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশন অফিসার দেলোয়ার হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি হারুয়া বাজারের কাছে আসতেই ট্রাকের সামনে একটি ছাগল চলে আসে। এ সময় ছাগলটিকে বাঁচাতে গিয়ে উল্টে যায় ট্রাক। এতে ট্রাকের ভেতরে থাকা পাঁচজন আহত হন।

এদিকে ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়। পরে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশসহ এলাকাবাসী উল্টে যাওয়া ট্রাকটি সরানোর কাজ শুরু করে।

ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, একটি ছাগল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। পাঁচজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন গুরুতর আঘাত পেয়েছেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, ঘটনার পর পরই আমাদের টিম পাঠাই। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।