ঝটিকা সফরে নেদারল্যান্ডসে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার (০৩ মে) গভীর রাতে আমস্টারডামের বিমানবন্দরে একটি অঘোষিত সফরে নেদারল্যান্ডসে পৌঁছেছেন। এই সফরকালে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাবেন। স্থানীয় গণমাধ্যম ডাচ নিউজ এজেন্সি এএনপি এ কথা জানিয়েছে।

এএনপি জানায়, জেলেনস্কি নেদারল্যান্ডসে তার প্রথম সফর করছেন। হেলসিঙ্কিতে নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগদানের পর শিফোল বিমানবন্দরে অবতরণ করেন। এএনপি বিমানের একটি কালো ছবি প্রকাশ করে দাবি করেছে যে, এই ডাচ সরকারের বিমানটি সম্ভবত ইউক্রেনের নেতাকে বহন করছে।

জেলেনস্কি হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবেন বলে সংবাদ সংস্থা জানিয়েছে। মার্চে এ আদালত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সরকারি ব্রডকাস্টার এনওএস জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ‘ইউক্রেনের প্রতি ন্যায়বিচার ছাড়া শান্তি নয়’ শীর্ষক একটি বক্তৃতা দেবেন বলেও ধারণা করা হচ্ছে।

অসমর্থিত সূত্রে জানা গেছে, জেলেনস্কি এই সফরকালে ডাচ এমপিদের সাথে বৈঠকের পাশাপাশি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথেও বৈঠক করবেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর নেদারল্যান্ডস কিয়েভকে আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র : বাসস