ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাজা পাওয়া উচিত। বৃহস্পতিবার (০৪ মে) নেদ্যারল্যান্ডস সফরে গিয়ে এ কথা বলেন জেলেনস্কি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের শহর দ্য হেগে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, হেগে আমরা সবাই ভিন্ন এক ভ্লাদিমির পুতিনকে দেখতে চাই। তার অপরাধমূলক কাজের জন্য তিনি নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্য। আমি নিশ্চিত, আমরা যখন জিতব, এটি ঘটবে।
নাৎসি জার্মানির বিচারে ন্যুরেমবার্গে যে দৃষ্টান্ত স্থাপন হয়েছিল, রাশিয়ার ‘আগ্রাসনমূলক অপরাধের’ বিচার করতেও তেমন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল স্থাপনের দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
এ সময় যুদ্ধাপরাধের ঘটনার তালিকা দেন জেলেনস্কি। তিনি বলেন, গত মাসে অর্থাৎ শুধু এপ্রিলেই ছয় হাজার যুদ্ধাপরাধ ঘটিয়েছে রাশিয়া। এসব ঘটনায় ১১ শিশুসহ ২০৭ জন ইউক্রেনীয় নিহত হয়েছে।
নেদারল্যান্ডস সফরে গিয়ে দেশটি থেকে পাওয়া অস্ত্রের জন্য ধন্যবাদও জানান জেলেনস্কি। ভাষণে তিনি বলেন, যুদ্ধটা আমরা চাইনি, এখন আমাদের এটির শেষ দেখতে হবে এবং এটি আমরা করে ছাড়ব।
মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগের পরদিনই নেদারল্যান্ডস সফর করলেন জেলেনস্কি। সংবাদ সম্মেলনে ইউক্রেন পুনর্গঠনে জব্দ করা রুশ অর্থ ব্যবহারের পাশাপাশি যুদ্ধ শেষে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে স্পষ্ট বার্তা দেন জেলেনস্কি।