হারের বৃত্তে মোহামেডান

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বে ফের হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আবাহনী লিমিটেডের পর এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শিকার তারা।

সাভারের বিকেএসপিতে বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাক ওয়ার্থ লুইস ম্যাথডে ৮৫ রানে হেরেছে মোহামেডান।

শেখ জামাল নিজেদের আগের ম্যাচে হেরেছিল। এ দিনের জয়ে ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তারা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। তাদের ইনিংসের এক পর্যায়ে বৃষ্টি নামলে ৪৭ ওভারে নির্ধারিত হয় ম্যাচটি। শেখ জামাল ৪৭ ওভারে ৪ উইকেটে ২৫৯ রানের পুঁজি পায়।

দলের পক্ষে ফজলে মাহমুদ ৬টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৯৩ রান করেন। এছাড়া অধিনায়ক নুরুল হাসান ৭০ ও সৈকত আলি ৫০ রান করেন।

বৃষ্টি আইনে ৪৭ ওভারে ২৭৭ রানের লক্ষ্য পায় মোহামেডান। যা তাড়া করতে নেমে শেখ জামালের বোলারদের দারুণ বোলিংয়ের সামনে বড় ইনিংস খেলতে পারেনি মোহামেডানের ব্যাটাররা। ৪০.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় মোহামেডান।

মাহমুদউল্লাহ রিয়াদ ৪০, অধিনায়ক ইমরুল কায়েস ৩৩ ও আরিফুল হক ৩২ রান করেন। শেখ জামালের তাইবুর রহমান ৪টি ও আরিফ আহমেদ ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন ফজলে রাব্বী।