মোহামেডান মুন্সিগঞ্জে, আবাহনী ময়মনসিংহে

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০১:১০ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের জটিলতা কাটছেই না। শুরুর দুই রাউন্ড পর নিজেদের হোম ভেন্যু পরিবর্তন করতে বাধ্য হচ্ছে দেশের দুই ঐতিহ্যবাহী ও চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব—ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাকি ম্যাচগুলোতে মোহামেডানকে দেখা যাবে মুন্সিগঞ্জে এবং আবাহনী খেলবে ময়মনসিংহে।

চলতি মৌসুমে এই দুই ক্লাবের যৌথ হোম ভেন্যু নির্ধারিত ছিল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মাঠটির বরাদ্দ পেলেও স্থানীয় ক্রীড়া প্রশাসন সেখানে অন্যান্য খেলার আয়োজন করতে চায়। ফলে বাধ্য হয়েই বিকল্প ভেন্যু বেছে নিতে হচ্ছে ক্লাব দুটিকে।

আবাহনীর ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মাঠের গুণগত মান এবং কোচের পছন্দের কথা বিবেচনা করেই তারা ময়মনসিংহকে বেছে নিয়েছেন। লিগের পরবর্তী ম্যাচগুলো তারা সেখানেই খেলবেন।

অন্যদিকে, মোহামেডান তাদের হোম ভেন্যু হিসেবে বেছে নিচ্ছে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। শুক্রবার আরামবাগের বিপক্ষে তাদের নির্ধারিত ম্যাচটি একদিন পিছিয়ে শনিবার মুন্সিগঞ্জে পুনর্নির্ধারণ করা হয়েছে। বাফুফে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী জানান, কুমিল্লায় সমস্যার কারণে মোহামেডান মুন্সিগঞ্জকেই প্রথম পছন্দ হিসেবে উপস্থাপন করেছে এবং বাকি হোম ম্যাচগুলো সেখানেই অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে।

 

ভেন্যু পরিবর্তনের ফলে লিগের সামগ্রিক সূচিতেও (ফিকশ্চার) এসেছে বড় রিশাফলিং। যেহেতু কোনো মাঠেই ফ্লাডলাইট সুবিধা নেই, তাই একই ভেন্যুতে দিনে দুটি ম্যাচ আয়োজন সম্ভব নয়। 

সর্বশেষ সর্বাধিক পঠিত