নরসিংদীতে বড় ভাই গাজীপুরে স্ত্রীকে হত্যা

নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই এবং গাজীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। এছাড়া আরও ছয় জেলায় ছয়জনের লাশ উদ্ধার হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন :

নরসিংদী : শিবপুরে মাকে বাঁচাতে গিয়ে বড় ভাই তারিকুল ভূঁইয়াকে (২৭) খুন করেছেন ছোট ভাই তারেক ভূঁইয়া (২৪)। গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের আধঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারিকুল ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে বাড়িতে ঘুমাচ্ছিল তারিকুল। এ সময় তার মা এসে ছোট ছেলে তানভীরকে রাতের খাবার দিয়ে আসতে বলেন। খাবার দিতে পারবে না বলে মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে মারধর করতে থাকে। এ সময় পাশের রুমে থাকা তারেক এসে বড় ভাইয়ের মাথায় কাঠ দিয়ে আঘাত করলে সে মারা যায়।

গাজীপুর : গাজীপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নুরুল হকের বিরুদ্ধে। গতকাল সকালে মহানগরীর কোনাবাড়ির কুদ্দুসনগরে এ ঘটনা ঘটে। নিহত আসমা আক্তার (৩৬) চট্টগ্রামের হালিশহরের খাজার দীঘিরপাড়ের মোস্তফার মেয়ে। অভিযুক্ত নুরুল হকের বাড়ি মানিকগঞ্জ সদরে। তিনি একটি হোটেলে রান্নার কাজ করতেন।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদরে নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্র মুরাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মাদারগঞ্জ এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মুরাদ মোহম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ির দারুল ইসলামের ছেলে। পিতার দাবি, তার ছেলেকে হত্যা করা হয়েছে।

মাদারীপুর : মাদারীপুর সদরে বসতঘরের শৌচাগার থেকে মহিউদ্দিন খান (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহিউদ্দিন ওই এলাকার মৃত গিয়াসউদ্দিন খানের ছেলে। মা সুফিয়া বেগমের দাবি তাকে হত্যা করা হয়েছে।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ সদরে গাছে ঝুলন্ত অবস্থায় রাকিবুল ইসলাম (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের দামপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। রাকিবুল কড়িয়াইল গ্রামের বাবুল মিয়ার ছেলে। পরিবারের দাবি, তাকে শ্বাসরোধে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

চরফ্যাশন (ভোলা) : ভোলার চরফ্যাশনের শশীভূষণ এলাকায় এক অজ্ঞাত নারীর শিকলবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে রসুলপুর ইউনিয়ন কলমি ব্রিজ সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার হয়।

পেকুয়া-কুতুবদিয়া (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়ায় ভোলা খালের রাবার ড্যাম এলাকা থেকে ভাসমান অবস্থায় হানিফা জান্নাত মনি (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে তার লাশটি উদ্ধার করা হয়। মনি উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের কবির হোসেনের মেয়ে।

জামালপুর : জামালপুরের বকশিগঞ্জে ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া পশ্চিম পাড়া গ্রামে একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।