ভারতে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন। এ সম্মেলনে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার সম্মেলন ভেন্যু গোয়াতে পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ২০১১ সালের পর এই প্রথম ভারত সফরে গেলেন পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ ১২ বছর আগে ভারত সফর করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। তবে তখন দিল্লি ও ইসলামাবাদের মধ্যে বর্তমানের মতো এতটা বিরোধ ছিল না। বিলাওয়ালের এ সফরে ভারত-পাকিস্তান সম্পর্ক জোরদার হবে কি না এমন প্রশ্ন জাগতে পারে। যদিও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফরের সবচেয়ে বড় কারণটা হলো, এসসিওর সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখা। কারণ বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগী ইসলামাবাদ। এসসিওতে মূল প্রভাবটা চীনেরই। এ সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিলাওয়ালের দ্বিপক্ষীয় বৈঠকে বসার কোনো সম্ভাবনা নেই। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যাপিমন জ্যাকব বলেন, পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ সময় ভারত সফর করেননি এ সত্যটির বাইরে বৃহত্তর দ্বিপক্ষীয় প্রেক্ষাপটে বিলাওয়ালের এ সফরের বাড়তি গুরুত্ব নেই।