বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে শান্তিতে বসবাস করে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, এই দেশে সম্প্রীতির যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে, তা বিশ্বের বুকে নজির স্থাপন করেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন আইজিপি।
এ সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) কামরুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৌদ্ধ বিহারে পৌঁছালে বৌদ্ধ ধর্মীয় নেতারা আইজিপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে কেক কাটার মধ্যদিয়ে সবার সঙ্গে বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করা হয়।
আইজিপি বলেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে শান্তিতে বসবাস করে। প্রধানমন্ত্রী প্রতিটি উৎসব আয়োজনে সবাইকে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান আয়োজনে সহায়তা করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা এ উৎসবে মিলিত হতে এখানে এসেছি। এ দেশে সম্প্রীতির যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে, তা বিশ্বের বুকে এক নজির স্থাপন করেছে।