নেত্রকোনার বারহাট্টায় স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণকে হত্যার প্রতিবাদে ও গ্রেপ্তার কাউসার মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সনাতন পার্টি(বিএসপি)।
শুক্রবার (৫ মে) সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রধান সড়কে বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত) ও দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালিপদ চক্রবর্তী।
এ সময় সভাপতির বক্তব্যে সুশান্ত চন্দ্র বর্মন বলেন, শিক্ষার্থী মুক্তি রানী বর্মনকে নির্মমভাবে যে বা যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। এছাড়াও খুলনায় অপহরণ হওয়া ঋতু মন্ডলকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতার দাবি জানান।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালিপদ চক্রবর্তী বলেন, মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত আদালতে পাঠানোর মাধ্যমে কাউসারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।
এছাড়াও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন দীপংকর বেপারী, ইঞ্জিনিয়ার গৌরব হালদার, ইঞ্জিনিয়ার সজল দাশসহ অন্যান্যরা।
উল্লেখ্য গত ২ মে দুপুর ২টার দিকে স্কুল থেকে ফেরার পথে বারহাট্টা উপজেলার ছালিপুরা এলাকায় মুক্তি বর্মণকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাউছার নামে এক বখাটে। তারপর বিকাল ৫টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।