গোসলে নেমে আর ওঠেনি ২ স্কুলছাত্রী

নরসিংদীর শিবপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের ২০ ঘণ্টা পর গতকাল শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে উপজেলার লাখপুর গ্রামের শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রী ইয়াছমিন (১৫) এর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর দেড় ঘণ্টা পর বেলা ১১টার দিকে স্কুলছাত্রী ইমা (১৬) এর মরদেহও উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি।

ইয়াছমিন পলাশ উপজেলার ভাগপাড়া গ্রামের আব্দুল রহিম মিয়ার মেয়ে ও ইমা একই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। ইমা পলাশ কো-অপারেটিভ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ও ইয়াছমিন বাংগালপাড়া স্কুলের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও নিখোঁজের পরিবারের সদস্যরা জানায়, গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ইমা তার খালা ইয়াছমিন ও চাচাত বোন সাদিয়াকে নিয়ে লাখপুর খেয়া ঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। এক পর্যায় তাদের মধ্যে সাদিয়া নদী থেকে গোসল শেষে ঘাটে উঠতে পারলেও ইয়াছমিন ও ইমা নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়।

সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি আরও বলেন, দুই স্কুলছাত্রীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।