ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের মুন্সিনগর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অন্যের জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আবদুর রব নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বাধা দিতে গেলে জমির মালিককে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী শখি বেগম জানান, উপজেলার মুন্সীনগর মৌজায় তিনি এবং তার ভাইয়েরা পৈতৃক ওয়ারিশ সূত্রে মোট ২৯ শতাংশ জমি পান। আরএস রেকর্ডিয় ও ক্রয়কৃত মালিকানাধীন এ সম্পত্তি থেকে স্থানীয় আবদুর রব ৫ দশমিক ৮০ শতাংশ জমি তিনি ও তার ভাইদের নামে নামজারি (খারিজ) করে নিয়ে যান। এ বিষয়ে আদালতে ১৪৫ ধারায় মামলা চলমান। মামলায় নির্বাহী আদালত নবাবগঞ্জ ঢাকার বিজ্ঞ বিচারক মোছা. আকলিমা বেগম উভয়পক্ষকে মামলা চলমান থাকা অবস্থায় স্থাপনা নির্মাণ না করার আদেশ দেন। কিন্তু এ আদেশ অমান্য করে আবদুর রব ক্ষমতার বলে জোরপূর্বক ওই জমিতে পাকা ভবন নির্মাণ করছেন।
শখি বেগমের অভিযোগ, ভবন নির্মাণে বাধা দিতে গেলে আবদুর রব তাকে এবং তার পরিবারের সদস্যদের গুম, খুনসহ বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাচ্ছেন। অভিযুক্ত আবদুর রবের ছেলে তানভীর হোসেন বলেন, ‘মামলা খারিজ হয়ে গেছে। আমরা কারও জায়গা দখল করিনি। বারুয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান বারী মোল্লা আমাদের কাজ করার অনুমতি দিয়েছেন।’
বারুয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান বারী মোল্লা বলেন, ‘মামলা চলমান তা আমার জানা ছিল না। জায়গা নিয়ে মামলা থাকলে কাজ বন্ধ করে দেওয়া হবে।’
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘বিবাদী আবদুর রবকে থানায় ডেকে এনে কাজ বন্ধ করার কথা বলে দিয়েছি। তারপরেও যদি আইন অমান্য করে কাজ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল হালিম বলেন, ‘শিকারীপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে পাঠিয়ে কাজ বন্ধ করার জন্য বলে দিয়েছি। তারপরেও যদি কাজ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’