ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছেছেন রাজা চার্লস

রাজ্যাভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে অল্প সময়ের মধ্যে। এরই মধ্যে রাজা তৃতীয় চার্লস এবং রানি কনসোর্ট ক্যামিলা বাকিংহাম রাজপ্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছেছেন।

শনিবার (০৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রাজা তৃতীয় চার্লস এবং রানি কনসোর্ট ক্যামিলাকে বহন করে নিয়ে যাচ্ছে ডায়মন্ড জুবিলি স্টেট কোচ। তাদের দেখতে সড়কের দুইপাশে বিপুল সংখ্যক ব্রিটিশ নাগরিক অবস্থান করছেন। তারা পতাকা দুলিয়ে, হর্ষধ্বনি দিয়ে রাজাকে স্বাগত জানাচ্ছেন। রাজাকে যাত্রা শুরুতে রয়েল স্যালুট দেওয়া হয়।

এর আগে ওয়েস্টমিনস্টার অ্যাবের বাইরে ঘণ্টা বাজছে বলে জানায় বিবিসি।

প্রসঙ্গত, ৭০ বছর পর নতুন রাজা পেতে চলেছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ। তৃতীয় চার্লসের আগে ব্রিটেনে সর্বশেষ রাজা বা রানির রাজ্যাভিষেক হয়েছিল ১৯৫৩ সালে। এর ফলে দীর্ঘ সাত দশক পর আবারও ব্রিটেন এবং বিশ্ববাসী ইতিহাসের সাক্ষী হচ্ছেন।