আম পাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

ফেনীর সোনাগাজীতে গাছের আম পাড়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষে একজন নিহত ও তিন নারীসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের কালা সোবহান মিয়ার বাড়িতে হামলা সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান নামে একজন। তার মনগাজী বাজারের হোমিও চিকিৎসালয় রয়েছে। আহতরা হলেন মাইন উদ্দিন মামুন, মনোয়ারা বেগম, ছেমনা খাতুন, জসিম উদ্দিন, সবুজ মিয়া, বাবলু, পিয়সি আক্তার, আবদুল হাই, আবু তৈয়ব ও আব্দুল গোফরান।

এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে আবু তৈয়ব বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় হত্যা মামলা করেছেন। এরআগে পুলিশ হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরিফ উদ্দিন ও মনোয়ারা বেগম বানু নামে দুজনকে গ্রেপ্তার করে। মিজানের মৃত্যুর খবর জানাজানি হলে সোনাগাজী হাসপাতালে চিকিৎসাধীন আহতরা ও মামলায় অভিযুক্তরা বাড়িঘরে তালা দিয়ে পরিবার-পরিজন নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।

নিহতের ভাতিজা মোবারক হোসেন আরিফ জানান, জসিম উদ্দিন, সবুজ মিয়া, মাঈন উদ্দিন মামুনের নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী মিজানুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান বলেন, অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।