ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জামাত আলী মাস্টার (৭১) নিহত হয়েছে। শনিবার (৬ মে) দুপুরে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের চাঁদ আলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জামাত আলী চরমিরকামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্র জানায়, শনিবার মিরকামারী স্কুলে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে মুক্তিযোদ্ধা জামাত আলী মোটর সাইকেল যোগে বাসায় ফিরছিলেন। পথে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের চাঁদ আলী মোড়ে রাস্তা পার হওয়ার সময় পাকশী থেকে দাশুড়িয়াগামী বালু ভর্তি একটি ট্রাক মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিষ কুমার স্যানাল জানান, ঘাতক ট্রাকসহ চালককে আটকের চেষ্টা চলছে।

এদিকে আজ রবিবার সকাল ১০টায় ভাষা শহীদ বিদ্যানিকেতন চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাইড়পাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। ঈশ্বরদীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঞ্জুর রহমান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।