বিভিন্ন অনিয়মের দায়ে ফিফার দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়া বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে আপাতত ডাকছে না বাফুফের গঠিত তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রথম সভা শেষে গতকাল সংবাদ সম্মেলনে কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ বলেন, ‘তাকে (আবু নাঈম সোহাগ) ডাকার কোনো অবকাশ নেই। তার বিষয়ে ফিফা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। উনি আপিল করেছেন।’ পরে আরেক প্রশ্নের জবাবে অবশ্য নাবিল বলেছেন, ‘তদন্তের স্বার্থে যেকোনো কিছু করা যেতে পারে। তবে এই মুহূর্তে নয় (সোহাগের বক্তব্য শোনা)।’ সোহাগকে তদন্ত কমিটির সামনে না ডাকার যুক্তি হিসেবে বলা হচ্ছে, তাকে আজীবন নিষিদ্ধ করেছে বাফুফে। বাফুফে ভবনেও তার প্রবেশ নিষিদ্ধ। সোহাগ যেহেতু শাস্তি পেয়ে গেছেন, তাই তার কথা শোনার আপাতত প্রয়োজন মনে করছে না কমিটি।
কাজী নাবিল জানান, বাফুফের বেতনভুক্ত কর্মীদের মধ্য অন্য যাদের ফিফা ডেকে পাঠিয়েছিল, তাদের দ্রুতই জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের স্বার্থে ফিন্যান্স কমিটির চেয়ারম্যানকে (সালাম মুর্শেদী) ডাকা হবে কি না, এমন প্রশ্নে তার জবাব, ‘তদন্তে না, তার সঙ্গে আমরা যেকোনো সময় আলাপ করতে পারি। কীভাবে কী হয়েছিল, কীভাবে ঘটনা ঘটেছে, সে বিষয়ে ওনার যদি কোনো বক্তব্য থাকে, তা আমরা জানতে পারি।’
এদিকে কাজী নাবিলের নেতৃত্বে গতকাল বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাও হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপে যাওয়ার আগে ১৫ জুন কম্বোডিয়ায় ম্যাচ খেলবে জাতীয় দল। সাফের জন্য ৪ জুন থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় ৩৫ জনের মতো ফুটবলার নিয়ে শুরু হবে ক্যাম্প। শনিবার বিওএর সভায় সিদ্ধান্ত হয়েছিল, পুরুষ ফুটবল দল এবারের গেমসে অংশ নেবে না। সেই সভায় কাজী নাবিলও ছিলেন। কিন্তু গতকাল তিনি বলেছেন, ‘বিওএর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে যে ১৭টি ডিসিপ্লিনের নাম লেখা তাতে ফুটবল আছে। ফুটবল লেখা আছে বলে আমরা আশা করছি পুরুষ ফুটবল থাকবে। আমি বিওএর সভাপতির সঙ্গে আলাপ করেছি। তাকে বলেছি পুরুষ দলকে পাঠানোর প্রয়োজন আছে।’