একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ২০ বছরের সাজাপ্রাপ্ত ময়মনসিংহের গফরগাঁওয়ের পলাতক আসামি মো. আলীম উদ্দিন খানকে (৭৭) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
রোববার (৭ মে) গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে তিনি গ্রেপ্তার হন।
মো. আলীম উদ্দিন খান ময়মনসিংহের গফরগাঁওয়ের মৃত আ. গফুর খানের ছেলে।
এটিইউ এর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান দেশ রূপান্তরকে জানান, গ্রেপ্তারকৃত আলীম উদ্দিন খান দীর্ঘ ৬ বছর ধরে নিজ পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। এটিইউ ইন্টেলিজেন্স উইং তার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের প্রচেষ্টা চালাচ্ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আলীম উদ্দিনের বিরুদ্ধে ২০১৬ সালে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও লুটপাটের দায়ে ২০১৭ সালে যুদ্ধাপরাধী বিশেষ ট্রাইব্যুনাল তাকে ২০ বছরের কারাদণ্ড দেন।
পুলিশ জানায়, আলীম উদ্দিন শ্রীপুরের বেলদিয়া গ্রামে মেয়ে রিনা আক্তারের বাড়িতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।