পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে জেলেদের মধ্যে চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ৬৯ জেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার কেশবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসারের মাধ্যমে জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়। কিন্তু ‘জেলে কার্ড’ থাকা সত্ত্বেও ৬৯ জেলেকে চাল দেওয়া হয়নি। এ ঘটনায় গত শনিবার ভুক্তভোগী জেলেরা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। তিনি তাৎক্ষণিক উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্তে বিলম্ব করায় জেলেরা গতকাল সোমবার ইউএনওর কাছে পুনরায় অভিযোগ দেন। এ সময় অভিযুক্ত ইউপি সদস্যকে ডেকে এনে জানতে চাইলে তিনি কিছুটা অনিয়ম হয়েছে বলে স্বীকার করেন।
ভুক্তভোগী জেলেরা জানান, চাল আনতে গেলে ইউপি সদস্য তাদের সঙ্গে অসদাচরণ করেন। এমনকি গায়েও হাত তোলেন। ভয়ে কেউ মুখ খুলে না।
অভিযুক্ত ইউপি সদস্য কাউসার বলেন, ‘দুই চারজনের সমস্যা হতে পারে। এত লোক চাল পায়নি সেটা সত্য নয়।’
ইউএনও মো. আল আমিন বলেন, ‘প্রাথমিক তদন্তে কিছুটা সত্যতা পাওয়া গেছে। পূর্ণ প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’