মাদারীপুরের শিবচরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ২০-২২ শিক্ষার্থীকে ক্লাসরুমে জুতা পেটা করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে।
মঙ্গলবার (৯ মে) দুপুর ৩টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রিয়াজউদ্দিন মাদবর কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যালয় ছুটি হওয়ার কিছুক্ষণ পূর্বে শিক্ষার্থীরা উপরতলা থেকে নিচে নামেন। তখন প্রধান শিক্ষক হাফিজুর রহমান শিক্ষার্থীদের লক্ষ্য করে তার পায়ে থাকা জুতা খুলে নিক্ষেপ করেন। ভয় পেয়ে তারা দৌড়ে ক্লাস রুমে প্রবেশ করেন। পরে তিনি রুমে গিয়ে ৫ম শ্রেণির ছাত্র জাহিদ, ৪র্থ শ্রেণির ছাত্র আরিফ, ইয়াছিন, উসমান গনি, এনায়েত সহ প্রায় ২০-২২ জন ছাত্রকে পর্যায়ক্রমে ডেকে ডেকে তার পায়ে থাকা জুতা খুলে পেটান।
এ ঘটনায় বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এ নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী জানান, হেড স্যার তাকেসহ প্রায় বিশ ছাত্রকে জুতা দিয়ে পিটিয়েছেন। তাকে দুটা এবং অন্যদের একটা করে জুতা বাড়ি দেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন 'মামা এরকম পোলাপানে কেচাকেচি করছে, আমি রাগের মাথায় এই অন্যায় করছি। এখন যেভাবে হোক, এটা বিচার করেন, আমি মেনে নিবো।'
প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে ফোন দিয়ে জানতে চাইলে, তিনি বিষয়টি অস্বীকার করেন।
শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম বলেন, একজন এটিওকে আগামীকাল স্কুলে গিয়ে তদন্ত করার জন্য বলেছি। যদি এর সত্যতা মিলে, তাহলে অবশ্যই আমরা বিভাগীয় ব্যবস্থা নেব।