রূপগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ৭ জনের কেউ বেঁচে নেই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলের চুল্লিতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ইব্রাহিম হাওলাদারও (৩৪) মারা গেছেন। এনিয়ে ঘটনাটিতে দগ্ধ ৭ জনের কেউ বেঁচে নেই।

বুধবার (১০ মে) সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, ২৮ শতাংশ দগ্ধ নিয়ে ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে ইব্রাহিম মারা গেছেন। তার মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

মৃত ইব্রাহিমের ভায়রা ভাই মো. আল-মামুন জানান, ইব্রাহিমের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার গজালিয়া গ্রামে। তার বাবার নাম মৃত মোকলেসুর রহমান হাওলাদার।স্ত্রী ও ২ মেয়ে নিয়ে রূপগঞ্জের গাউছিয়া চুঙ্গিপাড়ায় থাকতেন ইব্রাহিম।

গত বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে রূপগঞ্জের গাউছিয়া সাউঘাট এলাকার ‘আরআইসিএল স্টিল মিলে’ লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিতো তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন ৭ জন। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শংকর নামে একজন। আর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান ইলিয়াস। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে নিয়ন, বেলা সাড়ে ১২টার দিকে আলমগীর, দিবাগত মধ্য রাতে মারা যান রাব্বি। আর শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান জুয়েল।

ঘটনার দিন কারখানাটির সুপারভাইজার হারুন অর রশিদ জানান, তারা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিকে ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন। উদ্ধার করে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।