ইসরায়েলি বাহিনীর হাতে দুই ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে আবারো ইসরায়েলি বাহিনীর হাতে দুই ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজা উপত্যকায় ক্ষেপণাস্ত্র আঘাতের মাধ্যমে ১৫ জন নিহতের ঘটনার একদিন পরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরা জানায়, জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে ইসরায়েলি সৈন্যদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত দুইজন হলেন, আহমাদ জামাল আসাফ (১৯) এবং ওয়ারানি ওয়ালিদ কাতানাত (২৪)। তাদের চিহ্নিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার জানায়, ইসরায়েলি সৈন্যদের একটি বড় বাহিনী শহরে অভিযান চালিয়ে পশ্চিম পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকটি বাড়িতে তল্লাশির নামে ভাঙচুর এবং লুটপাট করে।

বার্তা সংস্থাটি আরো জানায়, “অভিযানের সময় সৈন্যরা একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায়, এতে করে দুইজন নিহত এবং একজন আহত হয়।“

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানিয়েছেন যে ইসরায়েলি বাহিনী বাড়িঘরে হামলা চালাচ্ছে এবং রাস্তায় গাড়ি থামিয়ে দিচ্ছে।

তবে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, যে নিহত ব্যক্তিরা একটি গাড়ি থেকে সৈন্যদের উপর গুলি চালিয়েছিল এবং পাল্টা গুলিতে তারা নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি এম-১৬ অ্যাসল্ট রাইফেল এবং একটি হ্যান্ডগান পাওয়া গেছে বলে বিবৃতিতে বলা হয়।