বাংলাদেশ সম্পর্কে ইমরান খানের ভাবনা

গতকাল মঙ্গলবার আদালতের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে।

পাকিস্তানের গণমাধ্যম অনুযায়ী আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন দেশটির সাবেক খেলোয়ার ও প্রধানমন্ত্রী।

১৯৯২ সালে ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে জেতানো এই অধিনায়ক ইমরান খান ২০১৮ সালে খেলার দুনিয়ার নায়ক থেকে হয়ে যান রাজনৈতিক জগতের নেতা। দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে হন প্রধানমন্ত্রী। কিন্তু কোন কিছুই যেনো বেশিদিনের স্থায়ী নয়। গত বছরের এপ্রিল মাসে পার্লামেন্টের অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান।

ক্রিকেট দুনিয়ায় জনপ্রিয়তা তুঙ্গে থাকাকালীন বাংলাদেশ সফর ও করেন তিনি। বাংলাদেশে তখনো ক্রিকেট তেমন একটা জনপ্রিয় খেলা হয়ে উঠতে না পারলেও ক্রিকেটার ইমরান খানকে চিনতো সবাই।

বাংলাদেশ সম্পর্কে বেশ ভালো ধারনাই রাখতেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নানারকম মন্তব্য ও মতবাদ ও দিয়েছেন তিনি।

আশির দশকে ইমরান খান ভারতের সঙ্গে ক্রিকেট খেলতে এসেছিলেন ঢাকায়। তার ভাষায়, খেলার পুরো সময় মাঠে দর্শক সমর্থনে তার মনে হয়েছে তারা লাহোরের মাঠে খেলছেন। বিজয়ের পর ৫ কিলোমিটার পথে বাঙালিরা তাদের ফুল ছিটিয়েছে এবং পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দিয়ে অভিনন্দন জানিয়েছে। ইমরান সেদিনই মনে কষ্ট পেয়ে ভেবেছেন, এই লোকগুলো আমাদের ভাই, আমাদের নাগরিক, আমাদের এতো ভালোবাসে, আর আমরা কিনা ’৭১ সালে তাদের হত্যা নির্যাতন দমন করেছি।

গত বছরের নভেম্বরে এক বক্তব্যে তিনি কথা বলেন পূর্ব পাকিস্তান প্রসঙ্গে। ইমরান বলেন, পূর্ব পাকিস্তানের জনগণের রায়কে মেনে না নিয়ে তাদের ওপর নির্যাতন করার ফলেই ভাগ হতে হয়েছে পাকিস্তানকে।

ন্যায়বিচারের উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টানেন ইমরান খান। ৭১-এ বাংলাদেশের সঙ্গে ন্যায়বিচার হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া পাকিস্তান ভেঙ্গে বাংলাদেশ তৈরি হওয়াটা বর্তমান পাকিস্তানের জন্য দুর্ভাগ্যের বলেও মন্তব্য করেন তিনি।