পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারের পর দেশটিতে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। ঠিক এই মুহূর্তে দেশটিকে ‘আইনের শাসন’ মেনে চলার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা।
মঙ্গলবার (০৯ মে) ওয়াশিংটনে এক যৌথ বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘আমরা শুধু নিশ্চিত করতে চাই পাকিস্তানে যা কিছু ঘটুক তা আইনের শাসন ও সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ’।
ব্লিঙ্কেনের সাথে কথা বলতে গিয়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি উল্লেখ করেন, কমনওয়েথ সদস্য দেশ পাকিস্তানের সাথে ব্রিটেনের ‘দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক’ বজায় রয়েছে। তিনি বলেন, ‘আমরা পাকিস্তানে শান্তিপূর্ণ গণতন্ত্র দেখতে চাই। আমরা দেশটিতে আইনের শাসন দেখতে চাই’।
উভয় পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে বিস্তারিতভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে ক্লিভারলি বলেন, তাকে পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি অবহিত করা হয়নি।
মঙ্গলবার ইসলামাবাদ আদালতে হাজিরা দেওয়ার সময় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। বিশ্বের পঞ্চম জনবহুল দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে গত বছর তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন। এরপর তার সমর্থকরা সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে এবং সহিংস কর্মকাণ্ড চালায়।
সূত্র : বাসস