অডিও-ভিডিও কল করা যাবে টুইটারে

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে খুব দ্রুত অডিও-ভিডিও কল ও এনক্রাইপটেড মেসেজিংয়ের সুবিধা আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এলক মাস্ক। মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি।

এক টুইটে তিনি জানিয়েছেন, নতুন সেবাগুলো যুক্ত ও চালু করার কাজ চলছে এখন। যেগুলো সহজেই ব্যবহার করতে পাবেন ব্যবহারকারীরা।

মঙ্গলবার টুইটে মাস্ক বলেন, ‘এই প্লাটফর্মে দ্রুত অডিও এবং ভিডিও চ্যাট আসছে, এতে করে নিজের মোবাইল নাম্বার না দিয়ে আপনি পৃথিবীর যে কারও সঙ্গে কথা বলতে পারবেন।’

মাস্ক জানিয়েছেন, এনক্রাইপটেড ডাইরেক্ট মেসেজের একটি ভার্সন বুধবার (১০ মে) থেকেই চালু হবে।

টুইটারে অডিও ও ভিডিও কলের সুবিধা চালু হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামের কাতারে চলে আসবে এই অ্যাপটিও। এ দু’টি প্ল্যাটফর্মে আগে থেকেই সুবিধাগুলো রয়েছে।