চট্টগ্রামে কনটেইনার চাপায় বাবা-ছেলের মৃত্যু

চট্টগ্রামে লরি থেকে ছিটকে পড়া পণ্যবাহী কনটেইনার চাপায় রিকশা আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন রিকশাচালক। তাকে স্থানীয় একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১০ মে) দুপুরে নগরের পতেঙ্গা স্টিল মিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. ইউনুস মিঝি ও তার ছেলে রহিম মিঝি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আবদুল মালেক জানান, বেলা ১ টার দিকে নৌবাহিনীর ক্রেনের সাহায্যে কনটেইনারের নিচে চাপা পড়া রিকশার দুই যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সিএমপির বন্দর জোনের সহকারি কমিশনার শাকিলা সোলতানা বলেন, পতেঙ্গা থানার সামনে দিয়ে কনটেইনারবাহী একটি লরি কাটগড়ের দিকে যাচ্ছিল। দড়ি ছিঁড়ে লরি থেকে কনটেইনারটি ছিটকে একটি রিকশার ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লরি জব্দ করে এর চালককে আটক করা হয়েছে। লরিতে কনটেইনার লোহার শেকল দিয়ে বাঁধা থাকে। ধারণা করছি, এটি ভালোভাবে আটকানো ছিল না। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।