হেফাজতে যুবলীগ নেতাকে নির্যাতন: ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

পুলিশি হেফাজতে যুবলীগ নেতার ওপর নির্যাতনের অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন ও আরো চার পুলিশ সদস্যের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মামলা হয়েছে। অন্য চার পুলিশ সদস্য হলেন এএসআই খোকা চন্দ্র রায়, মো. মোতালেব, মো. হাফিজ ও অপারেশন ইনচার্জ মো. লতিফ।

বুধবার দুপুরে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা করেন।

দীর্ঘক্ষণ শুনানি শেষে আদালতের বিচারক মামুনুর রশীদ মামলা গ্রহণ করতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে নির্যাতিত যুবলীগ নেতার শারীরিক ও চিকিৎসার প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ এপ্রিল সন্ধ্যায় ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বরে অনুষ্ঠিত বৈশাখী মেলায় যান জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক খালিদ সিরাজ রকি। সেখানে গোলযোগের খবর পেয়ে সদর থানার ওসি মো. কামাল হোসেন, এএসআই খোকা চন্দ্র রায়, মো. মোতালেব, মো. হাফিজ ও অপারেশন ইনচার্জ মো. লতিফ এসে রকিকে আটক করে মারধর করতে থাকেন। এ খবর শুনে আসাদুজ্জামান পুলক ঘটনাস্থলে এসে ওসি মো. কামাল হোসেনের কাছে রকিকে আটকের কারণ জানতে চাইলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ পুলককেও আটক করে থানায় নিয়ে যায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে অন্যায়ভাবে থানায় ধরে নিয়ে দুই হাতে হাতকড়া পরিয়ে এবং চোখে কাপড় বেঁধে নির্মমভাবে পেটায় এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। নির্যাতনের একপর্যায়ে ওসির লাঠির আঘাতে আসাদুজ্জামান পুলকের বাঁ হাতের হাড় ভেঙে যায়।

পরে গত ৩০ এপ্রিল আসাদুজ্জামান পুলককে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর গত ২ মে আদালতের মাধ্যমে জামিনে বের হয়ে আসাদুজ্জামান পুলক হাসপাতালে চিকিৎসা নেন। আট দিন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার আদালতে মামলার আবেদন করেন যুবলীগের এই নেতা।

মামলাটি তদন্তের নির্দেশ দেওয়ায় সন্তুষ্ট বাদীপক্ষের আইনজীবী ও বাদী আসাদুজ্জামান পুলক।

অভিযুক্ত ওসি কামাল হোসেন তার বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগটি সত্য নয় বলে দাবি করেছেন।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এ বিষয়টি তদন্তাধীন রয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানানো হবে।