ফিলিপিনোদের জন্য ওয়ার্ক ও এন্ট্রি ভিসা স্থগিত করল কুয়েত

দ্বিপক্ষীয় শ্রম চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফিলিপাইনের নাগরিকদের জন্য সব ধরনের ওয়ার্ক ও এন্ট্রি ভিসা স্থগিত করেছে কুয়েত। বুধবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।

কুয়েত টাইমসের বরাতে প্রতিবেদনে বলা হয়, কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ আল-সাবাহ ফিলিপাইনের নাগরিকদের জন্য ভিসা স্থগিতের নির্দেশ দিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে ফিলিপাইনের এক গৃহপরিচারিকা তার নিয়োগকর্তার কিশোর ছেলের হাতে নৃশংসভাবে খুন হন। এরপর প্রথমবারের মতো কাজ করা শ্রমিক, বিশেষ করে গৃহপরিচারিকাদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ফিলিপাইন।

কুয়েতে ফিলিপাইনের প্রায় দুই লাখ ৬৮ হাজার শ্রমিক কাজ করছে। এর মধ্যে গৃহপরিচারিকারা বিলম্বিত ও বকেয়া বেতন, দীর্ঘ কর্মঘণ্টা, অস্বস্তিকর ঘুমের ব্যবস্থা এবং তাদের পাসপোর্ট এবং ব্যক্তিগত জিনিসপত্র বাজেয়াপ্ত করার অভিযোগ করেছেন। এছাড়া যৌন নিপীড়ন, ধর্ষণের অভিযোগও রয়েছে তাদের।