ভারতের অমৃতসরে স্বর্ণ মন্দিরের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। অমৃতসরের হেরিটেজ স্ট্রিটের কাছে বৃহস্পতিবার (১১ মে) রাত ১ টার দিকে বিস্ফোরণটি ঘটে। গত পাঁচ দিনের মধ্যে এটি ছিল তৃতীয় বিস্ফোরণ।
বৃহস্পতিবার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পাঞ্জাব পুলিশের মহাপরিচালক বলেছেন, অমৃতসরের বিস্ফোরণের ঘটনাগুলোর সমাধান করা হয়েছে। এ ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয় প্রকাশ করেনি তিনি।
প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবে প্রথম বিস্ফোরণটি ঘটে ৬ মে, দ্বিতীয়টি ৮ মে। বৃহস্পতিবারের বিস্ফোরণটি শহরের স্বর্ণ মন্দিরের কাছে হেরিটেজ স্ট্রিট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে হয়েছিল।
জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং পাঞ্জাব পুলিশ বিস্ফোরণের স্থান থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ঘটনাটি তদন্ত করবে এবং বিস্ফোরণের উদ্দেশ্য জানার চেষ্টা করবে।