বুসকেটসের নতুন অধ্যায়ে মেসির শুভ কামনা

লিওনেল মেসিকে যখন বার্সেলোনায় ফেরাতে প্রস্তুতি চলছে, তখন ভাঙনের সুর বাজছে দলের স্কোয়াডে। বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন সার্জিও বুসকেটস। চলতি মৌসুম শেষেই তিনি বার্সেলোনা ছাড়বেন। এমন ঘোষণা দেওয়ার পর তাকে শুভ কামনা জানিয়েছেন ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসি।

যদিও তার পরবর্তী গন্তব্য জানা যায়নি। প্রিয় ক্লাবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর বন্ধু মেসি বুসকেটসকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী জুনেই বার্সেলোনার সঙ্গে বুসকেটসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

বুধবার এক ভিডিও বার্তায় বুসকেটস বলেন, ‘সময় এসেছে বিদায় বলার, বার্সেলোনার সঙ্গে এটাই আমার শেষ মৌসুম। এই পথচলা কখনও ভুলে যাওয়ার নয়। সময়টা এসে গেছে। তবে ক্লাব ছাড়ার আগে যেসব মানুষ এই দীর্ঘ যাত্রায় আমাকে সঙ্গ দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই, সেই সঙ্গে ক্লাবের সদস্য ও সমর্থকদেরও।’

ক্লাব ছাড়ার ঘোষণার পর থেকে অনেকের কাছ থেকে ভবিষ্যতের জন্য শুভকামনা পাচ্ছেন বুসকেটস। মেসি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘মাঠে সব সময় ৫ নম্বর জার্সি পরেছ, তবে বাস্তবে একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে তুমি নাম্বার ১০, বুসি। নতুন অধ্যায়ের জন্য সব সময় তোমাকে ও তোমার পরিবারকে শুভকামনা জানাচ্ছি। মাঠ ও মাঠের বাইরে যা করেছ, তার জন্য ধন্যবাদ। আমরা অনেক মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি। কিছু ভালো এবং কিছু জটিল সময়ও ছিল। সেগুলো চিরদিন মনে থাকবে।’

সর্বশেষ কাতার বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন বুসকেটস। ৩৪ বছরের এই স্প্যানিশ বার্সেলোনার জার্সিতে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক।