আদরের ক্যারিয়ারে সুবাতাস

ঈদুল ফিতরে প্রতিষ্ঠিত তারকাদের ভিড়ে মুক্তি পায় তরুণ প্রজন্মের নায়ক আদর আজাদের সিনেমা ‘লোকাল’। ছবিটির নায়িকা বুবলীর মতো আলোচিত তারকা, তবে তিনিও ছবিটির সেভাবে প্রচারণায় অংশ নেননি। তারপরও ছবিটি আশানুরূপ সাড়া ফেলেছে। এখনো ছবিটি প্রেক্ষাগৃহে চলছে। দর্শকের পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্টরাও আদরের মধ্যে ভবিষ্যতে ভালো করার প্রবল সম্ভাবনা দেখছেন।

ক্যারিয়ারের এমন সু-সময়েই এসে পড়ল আদরের জন্মদিন। গত বুধবার নিজের জন্মদিনে উপহার হিসেবে পেয়ে গেলেন নতুন সিনেমাও। ১০ মে আদরের জন্মদিনে  স্মার্ট মাল্টিমিডিয়া ও পরিচালক কামরুজ্জামান রুমানের পক্ষ থেকে চমক হিসেবে ‘লিপস্টিক’ নামের নতুন সিনেমার ঘোষণা এলো। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ্ জহির বাবু। সিনেমায় আদর আজাদের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। এর আগে এই অভিনেত্রী শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ সিনেমায় অভিনয় করেছেন। যেটি মুক্তির অপেক্ষায় রয়েছে। নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘আমি সত্যিই সারপ্রাইজড। স্মার্ট মাল্টিমিডিয়া ও কামরুজ্জামান রোমান ভাই চমকে দিয়েছেন। জন্মদিনে অনেক রকম গিফট পেয়েছি। কিন্তু এই গিফটটি আমার কাছে অন্যরকম স্পেশাল।’ সিনেমার পরিচালক কামরুজ্জামান রুমান বলেন, ‘লোকাল ছবিতে আদর আজাদের অভিনয় এবং লুক দেখেই আমি, আমার প্রযোজক ও রাইটারের পছন্দ হয়ে যায়। তারপর অ্যাকশন-থ্রিলার ঘরানার লিপস্টিক সিনেমার জন্য কথাবার্তা এগুতে থাকে। এর ভেতর নায়িকাও চূড়ান্ত হয়ে যায়। তাই আদরের জন্মদিনে তাকে সাইন করানোর পরিকল্পনা করি।’ সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসের শুরু থেকেই লিপস্টিক সিনেমার শুটিং শুরু হবে বলে জানান পরিচালক।

এদিকে, ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আদর আজাদ অভিনীত লোকাল সিনেমাটি এখন পর্যন্ত দর্শক চাহিদা ধরে রেখেছে। সংশ্লিষ্টদের দাবি, ‘প্রতি সপ্তাহেই লোকাল-এর হল সংখ্যা বেড়েই চলেছে এবং সিনেমাটি হিট পওয়ার পথে এগিয়ে রয়েছে। ঈদের দিন থেকেই সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে বেশ দাপট দেখাচ্ছে সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি ভালো দর্শক পাচ্ছে বলে জানালেন সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ। প্রতিক্রিয়ায় তিনি বলেন, লিডার আর কিল হিম তো বড় বাজেটের সিনেমা। এই দুটি সিনেমার কথা আলাদা। এর বাইরে ‘লোকাল’র দর্শক আগ্রহে আমরা মুগ্ধ। সিনেমাটি হল কম পেয়েছে, প্রচারণার সময়ও কম পেয়েছে। ঠিকঠাক প্রচারণা করতে পারলে সিনেমাটি আরও ভালো করত।’

ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘লোকাল’। শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও সিনেমাটি হাউজফুল যাচ্ছে।