ঘূর্ণিঝড় 'মোখা' মোকাবিলায় ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর। পশ্চিম জোনের আওতাধীন উপকূলের ১৪টি স্টেশন থেকে জনসাধারণকে সতর্কীকরণ মাইকিং প্রচার-প্রচারণা চালাচ্ছেন কোস্ট গার্ড সদস্যরা।
ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে বঙ্গোগসাগর, সুন্দরবনের নদ-নদী ও মোংলা বন্দরের পশুর চ্যানেলে চলাচলরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক, জেলে-মাঝিমাল্লা এবং বনজীবীসহ উপকূলের বাসিন্দাদের নিরাপদে থাকার প্রচারণার কাজ করছেন কোস্ট গার্ড। কোস্ট গার্ডের এ প্রচারণা ও অভিযান চলবে ঘূর্ণিঝড় শেষ না হওয়া পর্যন্ত। এ ছাড়া আবহাওয়া পরিস্থিতি খারাপের দিকে লোকজনকে কোস্ট গার্ড স্টেশনগুলো আশ্রয় দেওয়ার পাশাপাশি অন্যান্য বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জনসাধারণদের নেওয়ার কাজও করবেন কোস্ট গার্ড সদস্যরা।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশনাল অফিসার লে. কমান্ডার তারেক আহমেদ বলেন, বর্তমানে সাগর-সুন্দরবন উপকূলের জনসাধারণের মাঝে ঘূর্নিঝড় 'মোখা'র সতর্কীকরণ ও সচেতনতার প্রচারণা চালানো হচ্ছে। ঘূর্ণিঝড়পরবর্তী উদ্ধার তৎপরতার জন্য কোস্ট গার্ডের হাই স্পিড বোট ও জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া সম্ভাব্য দুর্গতদের ত্রাণ সহায়তায় খাদ্যসামগ্রী মজুদ ও চিকিৎসাসেবায় মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।