অবশেষে দেশের ৪১ প্রেক্ষাগৃহে মুক্তি পেল হিন্দি সিনেমা ‘পাঠান’। আজ শুক্রবার শাহরুখ খানকে পর্দায় দেখতে ভিড় করে দর্শকরা। ফলে প্রথম শো থেকেই দেখা গেছে তুমুল উচ্ছ্বাস।
রাজধানীর মিরপুরে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ারের প্রথম শো ছিল ১০ টা ৫০ মিনিটে। শো শুরু হওয়ার ২০ থেকে ৩০ মিনিট আগেই প্রেক্ষাগৃহে দর্শকরা আসতে শুরু করে। এ সময় সেখানে সাজানো সিনেমার পোস্টার ও ব্যানারের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাদের।
শো শুরু হওয়ার পর পর্দায় শাহরুখের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠে প্রেক্ষাগৃহ। শিস ও করতালিতে বলিউড বাদশাহর সিনেমা উদযাপন করে তারা। উপস্থিত দর্শকদের মধ্যে একজন জানান, শাহরুখ খানকে পর্দায় দেখার সুযোগ মিস করতে চাননি তিনি। তাই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে চলে এসেছেন।
সরেজমিনে দেখা গেছে, প্রথম শো হাউজফুল না হলেও প্রায় ৭৫ ভাগ দর্শক ছিলেন।
গত ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পায় শাহরুখ খানের বহুল প্রতীক্ষীত সিনেমা ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমাটি বিশ্বব্যাপী দেড় হাজার কোটি রুপি আয় করেছে। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম, আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।