নান্দাইলে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

বুধ ও বৃহস্পতিবার টানা দুদিনের কালবৈশাখী ঝড়ে ময়মসিংহের নান্দাইল উপজেলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

জানা যায়, বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলায় কালবৈশাখী ঝড় আঁচড়ে পড়ে এতে একাধিক গ্রামের কাঁচা ঘরবাড়ি, গ্রামীণ বাজারের দোকানপাট ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।

ব্যবসায়ী আলমগীর খান জানান, ঝড়ে খারুয়া ইউনিয়নের হাটশিরা বাজারের কয়েকজন ব্যবসায়ীর দোকানের চালা উড়ে যায়। এতে দোকান ঘরে রাখা মালামালসহ আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া খারুয়া -দেওয়ানগঞ্জ গ্রামীণ সড়কে বড় আকারের একটি গাছ ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।

এদিকে বুধবারের পর বৃহস্পতিবার আবারও কালবৈশাখী তাণ্ডব চালায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বুধবারের চেয়ে দ্বিগুণ বেশি হয়। উপজেলার ৭০ ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন । এ ছাড়া বিভিন্ন গ্রামে কাঁচা আধা পাকা বাড়ি ঘর ভেঙে পড়ার সংবাদ পাওয়া গেছে।

নান্দাইল উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম উত্তম কুমার জানান,পরপর দু'দিনের ঝড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুতের ৯ টি খুঁটি ভেঙে গেছে। এখনও ত্রিশ ভাগ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আমরা দিনেরাতে কাজ করছি আশা করছি আগামীকালের মধ্যে সকল গ্রাহকদের মাঝে বিদ্যুৎ পৌঁছাতে পারব।