সুদানে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ঐকমত্য

সুদানে চলমান সহিংসতা বন্ধের আলোচনায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং ত্রাণ সহায়তা চলাচলের প্রতিশ্রুতি দিয়েছে বিবাদমান দুই পক্ষ। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুদ্ধ বিরতির প্রচেষ্টা থেকে এখনও অনেক দূরে রয়েছে তারা।

শুক্রবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ।

প্রতিবেদনে বলা হয়, সুদানে চলমান সহিংসতা বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে মধ্যস্থতায় নামে সৌদি আরব। দেশটির বিবদমান দুই পক্ষকে নিয়ে মুখোমুখি আলোচনার আয়োজন করে দেশটি।

সৌদির বন্দরনগরী জেদ্দায় প্রায় এক সপ্তাহ ধরে এ আলোচনা চলে। বৃহস্পতিবার নাম প্রকাশ না করার শর্তে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জেষ্ঠ্য কর্মকর্তা জানান, সুদানের সেনাবাহিনী এবং প্রতিদ্বন্দ্বি আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) একটি ঘোষণাপত্রে সই করেছে।

সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে, একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর করতে আরও আলোচনা চালিয়ে যাবে। যাতে জরুরি ত্রাণ সহায়তা সরবরাহ করা যায় এবং প্রয়োজনীয় পরিষেবা পুনরুদ্ধার করা সম্ভব হয়।

এ আলোচনার মূল মধ্যস্থতাকারী সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, এ আলেচনা ও প্রতিশ্রুতির প্রথম ধাপ বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং পরবর্তী ধাপগুলো পর্যায়ক্রমে চলবে।

মার্কিন পরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিবাদমান দু’পক্ষ পরবর্তী প্রায় ১০ দিন পর্যন্ত একটি কার্যকর যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করবে। এই ব্যবস্থাগুলো নেওয়ার ক্ষেত্রে ‘যুক্তরাষ্ট্র- সৌদি এবং আন্তর্জাতিক -যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ব্যবস্থা অন্তভূক্ত থাকবে।

সৌদি ও মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করা অলোচকরা পরবর্তীতে ত্রাণ সরবরাহের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করবে।