নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমিনুল ইসলাম খাকি (৩০) নামে এক পল্লীচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে হামলার পর দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আমিনুল ওই গ্রামের মৃত আবদুর রহমান খাকির ছেলে।
পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তেলিডাঙ্গা গ্রামে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। একটি গ্রুপের নেতৃত্ব দেন গফফার শেখ এবং অন্যপক্ষের নেতৃত্ব দিতেন নিহত আমিনুল ইসলাম খাকি। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে আমিনুল নিজ বাড়ি থেকে চান্দেরচর বাজারে চেম্বারে যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছুদূর যাওয়ার পর সিদ্দিকের বাড়ির কাছে প্রতিপক্ষ গ্রুপের লোকজন আমিনুলের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে লাঠি, রামদা, লোহার রডসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আমিনুলকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।