পটুয়াখালীতে পুকুরে ডুবে তিন ভাই বোনের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়াকলোনি এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো ওই এলাকার সোহেল ফকিরের ছেলে রুমান (৭) ও মেয়ে শারমিন (৫)। অপর শিশু হলো সোহেলের ছোট ভাই রুবেল ফকিরের মেয়ে মরিয়ম (৮)।

একই পরিবারের এই তিন শিশুর মুত্যুর ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকেই বাড়ির আশপাশে খেলাধুলা করছিল ওই তিন শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত ওই তিন শিশু পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় শারমিনের লাশ দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। অন্য দুই শিশুর মরদেহ ডুবন্ত অবস্থার পুকুর থেকে উদ্ধার করা হয়। কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।