ত্বকের যত্নে কফি

পানীয় হিসেবে বহু বছর ধরেই বেশ জনপ্রিয় কফি। কারণ কফিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর ক্ষমতা।

তবে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি ত্বকের যত্নেও বেশ কার্যকর এই কফি। এর অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান চোখের ফোলাভাব কমানোসহ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে।

চলুন জেনে নেই ত্বকের যত্নের কফির ব্যবহার।

চোখের ফোলা ভাব দূর করে কফি

চোখ যদি কোন কারণে ফুলে থাকে। তাহলে ৩ টেবিল-চামচ উষ্ণ গরম পানিতে ১ টেবিল-চামচ কফি মিশিয়ে নিন। তুলোর সাহায্যে চোখের উপরে বা নিচে ফোলা অংশের উপর লাগিয়ে রাখুন। দ্রুত চোখের ফোলাভাব কমে যাবে।

চোখের নিচের কালি দূর করে কফি

ঘুম কম হলে বা নানা কারণে চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল হয়, যা দেখতে খুবই খারাপ লাগে। এই সমস্যা দূর করতে আধ টেবিল-চামচ কফি গুঁড়োর সঙ্গে ১ টেবিল-চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ চোখের তলায় মেখে রাখুন ১০-১৫ মিনিট। এর পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

ত্বকের ব্রণ দূর করে কফি

কফিতে থাকা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল যৌগ ত্বকে ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। ত্বকের মৃত কোষ দূর করতেও সাহায্য করে। ২ চা-চামচ কফি, ১ টেবিল-চামচ বেসন, ১ চা-চামচ মধু এবং ২ টেবিল-চামচ অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। মাঝে মাঝে এই প্যাক ব্যবহারে ব্রণ অনেকটাই কমে আসবে।

রোদে পোড়া ত্বকের যত্নে কফি

প্রচণ্ড গরম এবং রোদ লেগে ত্বক পুড়ে কালো হয়ে গিয়েছে? কফি এবং লেবুর রসের মিশ্রণ এই সমস্যায় দারুণ কার্যকরী। রোদে পোড়া জায়গায় ১৫ মিনিট এই মিশ্রণ মেখে রেখে দিন। তার পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

শুষ্ক ত্বকের যত্নে কফি

অনেকেরই ত্বক শুষ্ক থাকে। ত্বক ফেটে গিয়ে বাজে দেখায়। এ সমস্যার ক্ষেত্রে ১ টেবিল-চামচ অলিভ অয়েলের সঙ্গে আধ টেবিল-চামচ কফি গুঁড়ো মিশিয়ে নিন। গোসলের ১৫ মিনিট আগে এই মিশ্রণ মেখে নিন। এরপর গোসলের সময় সময়ে ধুয়ে ফেলুন। ত্বক হয়ে উঠে নরম ও মোলায়েম।