টুইটারের নতুন সিইওর নাম জানালেন মাস্ক

মাইক্রোব্লগিং সাইট টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) নাম জানিয়েছেন টুইটারের বর্তমান মালিক ইলন মাস্ক। এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান লিন্ডা ইয়াকারিনোর নাম ঘোষণা করেছেন তিনি।

গত শুক্রবার টুইটারের শীর্ষ পদে এই নারীর নাম ঘোষণা করেন মাস্ক। টুইটারের মালিকানা গ্রহণের প্রায় ছয় মাস পরে এই পদে নতুন মুখ আনলেন মাস্ক। এতদিন ধরে শীর্ষ নির্বাহীর গুরুত্বপূর্ণ এই পদ নিজেই সামলাচ্ছিলেন ইলন মাস্ক।

আগামী ছয় সপ্তাহের মধ্যে এই পদে দায়িত্ব গ্রহণ করবেন লিন্ডা জানিয়েছেন মাস্ক। এমন এক সময় সিইও হিসেবে লিন্ডার নাম ঘোষণা করা হলো, যখন বিজ্ঞাপনী আয়ে ধস ঠেকাতে বেগ পেতে হচ্ছে সামাজিক এই যোগাযোগ মাধ্যমটিকে।

এদিকে লিন্ডা যোগদানের পর সিইওর পদ ছেড়ে নির্বাহী চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ইলন মাস্ক।

এক টুইটার পোস্টে মাস্ক লিখেন, “আমি এই প্ল্যাটফর্মটিকে বহুমুখী অ্যাপ এক্স এ রূপান্তর করার জন্য লিন্ডার সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।"

কে এই লিন্ডা ইয়াকারিনো?

এক ইতালীয়-আমেরিকান পরিবারে বেড়ে ওঠেন লিন্ডা ইয়াকারিনো। তাঁর বাবা ছিলেন একজন পুলিশ অফিসার এবং মা গৃহিণী।

পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি (পেন স্টেট) থেকে স্নাতক পাশ করা লিন্ডা বর্তমানে রয়েছেন এনবিসি ইউনিভার্সে। এর আগে ১৫ বছর ছিলেন আরেক মার্কিন মিডিয়া জায়ান্ট টার্নার এন্টারটেইনমেন্টে। সেখানে প্রায় দুই হাজার কর্মীর নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি এর স্ট্রিমিং পরিষেবা চালুর সঙ্গেও জড়িত ছিলেন।