রাজধানীতে ৭ অস্বাভাবিক মৃত্যু

রাজধানীতে সাতজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে অভাবের তাড়নায় এক রিকশাচালক ও পাওনাদারের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এক ব্যবসায়ী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। নিহতরা হলেন রিকশাচালক চন্দন মণ্ডল, ব্যবসায়ী শরীফ আলম খান, দুই নির্মাণ শ্রমিক, সুজন কুমার দাস, আশুরা আক্তার এ্যানি ও ভবঘুরে এক অজ্ঞাত ব্যক্তি।

গতকাল শুক্রবার ও আজ শনিবার পৃথক সময় তাদের মৃত্যু হয়।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে রাজধানীর কদমতলীর পালপাড়ায় কীটনাশক খেয়ে চন্দন মণ্ডল (৪০) নামে এক রিকশাচালক অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন চন্দন মণ্ডলকে।

অভাবের কারণে আত্মহত্যা করেছে এমন দাবি করে চন্দন মণ্ডলের ছেলে সঞ্জয় মণ্ডল দেশ রূপান্তরকে বলেন, 'বাবা গত দুই বছর ধরে লিভার, কিডনি ও উচ্চ রক্তচাপে ভুগছিল। এ জন্য ঠিকমতো রিকশা চালাতে পারছিল না। এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে পরিবারে অভাব-অনটন লেগেই থাকত। সে অভিমানে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন বাবা।'

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, চন্দন মণ্ডলকে অসুস্থ অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। তার স্বজনেরা চিকিৎসকদের জানান বিষ পান করেছে চন্দন মণ্ডল। পরে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ঋণের সমিতির ব্যবসা করতে গিয়ে নিজেই ঋণগ্রস্ত হয়ে পাওনাদারদের চাপে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শরীফ আলম খান (৫২) নামের এক ব্যক্তি। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠায়। তার বাড়ি জামালপুর জেলার সদর থানা এলাকায়।

যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম দেশ রূপান্তরকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে দেনা-পাওনা সংক্রান্ত বিষয়ের কারণে শরীফ আলম আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আজ সকাল ১০টার দিকে রাজধানীর পোস্তগোলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকোর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত দুজনের নামই রাব্বি। বয়স যথাক্রমে ১৮ ও ২২ বছর। তাদের সহকর্মী মো. সোহাগ জানান, খাদিজা টেক্সটাইল মিলের নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো তারা।

আজ রাজধানীর শাহবাগ থানাধীন হাইকোর্ট মাজারসংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহবাগ থানার এসআই মো. রাশেদুল আলম জানান, সকালে হাইকোর্ট মাজারের দক্ষিণ পাশের রাস্তার ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভবঘুরে বলে জানা গেছে। তার নাম-ঠিকানা এখনও জানা যায়নি। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাজধানীর ধানমণ্ডি ৮ নম্বর রোডের একটি বাসার এসি মেরামতের সময় নিচে পড়ে সুজন কুমার দাস নামের এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু সুজনকে সহকর্মী তাকে উদ্ধার করে নিউরোসাইয়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক জানান, এসি মেরামতের কাজ করতেন সুজন। খবর পেয়ে হাসপাতালটি থেকে উদ্ধার করা হয় সুজনের মরদেহ। ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢামেক মর্গে পাঠানো হয়।

আজ বিকাল ৫টার দিকে রাজধানীর মুগদার উত্তর মান্ডার মলাই মেসের গলির একটি বাসা থেকে আশুরা আক্তার এ্যানি (২৮) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান জানান, বিকেল ৫টার দিকে ফ্যানের সাথে শাড়ি পেঁচানো গলায় ফাঁস লাগানো এ্যানির মৃতদেহ উদ্ধার করা হয়। গত এক বছর আগে ব্যবসায়ী ইব্রাহিম মোল্লার সাথে বিয়ে হয় তার। স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।