নরসিংদীর মাধবদীতে মেঘনা নদীতে গোসলে নেমে ইমন মিয়া (১৫) নামে এক কিশোর নিখোঁজ রয়েছেন। আব্দুল্লাহ (১৬) ও সিয়াম (১৫) নামে আরও দুই কিশোরকে উদ্ধার করেছেন স্থানীয়রা।
আজ শনিবার দুপুরে মাধবদী থানার ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। নিখোঁজ ইমন মিয়া মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুরের বাসিন্দা মো. কামাল মিয়ার ছেলে।
নৌ পুলিশ ও স্থানীয়রা জানান, তিন কিশোর মেঘনা বাজার এলাকায় ঘুরতে যায়। তারা মেঘনা নদীতে ঘোরাঘুরি শেষে নৌকা থামিয়ে নদীতে গোসলে নামেন। গোসল করার সময় তারা নদীর তীব্র স্রোতে তলিয়ে যেতে থাকেন। এ সময় মেঘনায় চলন্ত একটি নৌকার মাঝি তাদের ডুবে যেতে দেখে একটি ফুটবল ছোড়ে মারলে ফুটবল ধরে ভেসে থাকা আব্দুল্লাহ ও সিয়ামকে তারা উদ্ধার করেন । তবে নদীর স্রোতে তলিয়ে যান ইমন ।
খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তারা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও ইমনের কোন সন্ধান পায়নি।
ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ৬ সদস্যের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। তারা দীর্ঘসময় খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় আজকের মত অভিযান বন্ধ করা হয়। আগামীকাল সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে।